বাংলাদেশে এসপিসি টাওয়ার বসালো ইডটকো

৬ অক্টোবর, ২০২১ ১৮:২৪  
স্টিলের বিকল্প হিসেবে কংক্রিট ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ‘স্প্যান প্রি-স্ট্রেসড কংক্রিট’ (এসপিসি) টাওয়ার স্থাপন করলো সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ‘ইডটকো বাংলাদেশ’। বুধবার মানিকগঞ্জ সদরে এই টাওয়ার স্থাপন করা হয়। ইডটকোর নিজস্ব প্রকৌশলীদের নকশাকৃত অভিনব এই কাঠামোটি মূলতঃ স্টিল ও কংক্রিটের এক অনন্য সংমিশ্রণ। টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে এরকম “কম্পোজিট স্ট্রাকচার” বাংলাদেশে এবারই প্রথম। প্রায় ৩৩.৩ মিটার উচ্চতার নান্দনিক এই এসপিসি টাওয়ারটি তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল, যা আরো ভালো নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করে। তাছাড়া এতে উৎপাদন সময়ও কম লাগে। সঠিকমাত্রায় দৃঢ়তা নিশ্চিতকরণের পাশাপাশি টাওয়ারের প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করতে এই এসপিসি পোলটির ভেতরে প্রসারণযোগ্য স্টিলের তার ব্যবহার করা হয়েছে। ফলে ভারী বৃষ্টিপাত, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়েও পোলটি নিরবিচ্ছিন্নভাবে নেটওয়ার্ক সংযোগ প্রদান করতে পারবে। এছাড়া স্টিলের বিকল্প হিসেবে কংক্রিটের ব্যবহার টাওয়ারটির নান্দনিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। নতুন এই উদ্ভাবন সম্পর্কে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন বলেন, “এদেশে ‘টেকসই টেলিযোগাযোগ পরিমণ্ডল’ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইডটকো বাংলাদেশ। এ খাতে গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে সারাদেশে নিরবিচ্ছিন্ন সংযোগ সুবিধা গড়ে তুলতে আমাদের মেধাবী প্রকৌশলীরা এমন সব অভিনব সুল্যশন বের করেছে, যেগুলো একাধারে পরিবেশবান্ধব, উচ্চ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন এবং সাশ্রয়ী। সারাদেশে টেকসই ও শেয়ারযোগ্য অবকাঠামো স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এসপিসি টাওয়ার স্থাপনের এই পদক্ষেপটি তারই ফসল।” এ বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে ইডটকো গ্রুপ ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর আবদুল ইয়াজিদ কাসিম বলেন, ‘ইডটকো টেকসই অবকাঠামো ডিজাইনের মাধ্যমে, ইস্পাতের উপর আমাদের নির্ভরশীলতা এবং পরিবেশের উপর প্রভাব কমাতে বিকল্প উপকরণ ব্যবহার করে চলেছে। বাংলাদেশ এ ধরনের উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগামী ভুমিকা রাখছে এবং এসপিসি টাওয়ার স্থাপনের মাধ্যমে সবুজ কর্মসূচী, উদ্ভাবন এবং টেকসই ও পরবর্তী প্রজন্মের প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ শিল্পের সুরক্ষিত ভবিষ্যত গড়ার ক্ষেত্রে ইডটকো গ্রপের যে অঙ্গীকার, সেটাকে আরও শক্তিশালী করেছে।’